ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌ-বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালির ওট্রান্টো বন্দর থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এর অভিযাত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজেই নিশ্চিত করেছেন শহিদুল আলম। ইসরায়েলি হামলার আশঙ্কা সত্ত্বেও ফ্লোটিলা গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্লোটিলায় যোগ দেওয়ার ঘোষণা দেন শহিদুল আলম, যিনি বর্তমানে দৃকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিচ্ছেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী পরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) ইতালির উদ্দেশে রওনা হন শহিদুল আলম। গ্লোবাল মিডিয়া ফ্লোটিলাতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ফিলিস্তিনে, গাজায় মানুষ হত্যা করছে। তার সঙ্গে পাশ্চাত্যের অনেকগুলো দেশ যুক্ত, তারাও সহযোগিতা করছে এবং তারাও এতে অংশীদার।
‘কিন্তু পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ– সারা পৃথিবীর মানুষ এর প্রতিবাদও করছে এবং এই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি আগামীকাল মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে যাচ্ছি।’
ড. শহিদুল আলম বলেন, “বাংলাদেশ থেকে আমি প্রথম যাচ্ছি, কিন্তু মনে করি বাংলাদেশের সব মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এই সংগ্রামে শুধু আমাদের উপস্থিতি যথেষ্ট নয়—আমরা যদি পরাজিত হই, তাহলে মানবজাতিই পরাজিত হবে।” তিনি জানান, গন্তব্যে পৌঁছানোর পর প্রতিদিন তথ্য ও ছবি পাঠানোর চেষ্টা করবেন, যাতে গাজার বাস্তবতা বিশ্ববাসী জানতে পারে। শহিদুল আলমের মতে, এ ধরনের ফ্লোটিলায় বাংলাদেশ থেকে তিনিই প্রথম অংশ নিচ্ছেন।
এবারের ফ্লোটিলায় ৫০টির বেশি জাহাজ অংশ নিচ্ছে বলে জানান তিনি। “আমরা যে জাহাজে যাচ্ছি, সেখানে প্রায় ১০০ জন থাকবে—যার এক-তৃতীয়াংশ সাংবাদিক, এক-তৃতীয়াংশ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট এবং বাকি এক-তৃতীয়াংশ ফ্লোটিলা সংগঠক। এছাড়া আরও ১০টি ছোট নৌযান আমাদের সঙ্গে থাকবে। ৪৪টি দেশ থেকে বিভিন্ন প্রতিনিধি এই অভিযানে অংশ নিচ্ছেন।”
ইসরায়েলি হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমাদের থামানোর চেষ্টা করবে—আমরা জানি। তবে আমরা প্রস্তুত। প্রশিক্ষণ নিয়েছি, বিপদ সম্পর্কে সচেতন আছি, কিন্তু তবুও আমরা অটল ও দৃঢ়প্রতিজ্ঞ।”